আ.লীগের নিবন্ধন স্থগিত হলেও এখনো প্রতীক তালিকায় ‘নৌকা’: এনসিপি
👉 আ.লীগের নিবন্ধন স্থগিত হলেও এখনো প্রতীক তালিকায় ‘নৌকা’: এনসিপি
প্রকাশকাল: ১৩ জুলাই ২০২৫, ৫:১৩ | দৈনিক সঠিক বার্তা ডেস্ক:
বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নির্বাচন কমিশনের ঘোষিত প্রতীক তালিকায় এখনো ‘নৌকা’ প্রতীক রয়েছে— যা আইনগতভাবে সমীচীন নয় বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (১৩ জুলাই) নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।
তিনি বলেন, “একটি দলের নিবন্ধন যদি স্থগিত থাকে, তাহলে তাদের প্রতীক নির্বাচন কমিশনের তালিকায় থাকা উচিত নয়। এ বিষয়ে কমিশন আমাদের কথা গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দিয়েছে।”
প্রতীক ইস্যুতে এনসিপি বলেছে, তারা তিনটি প্রতীক চাইলেও (শাপলা, কলম, মোবাইল) মূলত তাদের একমাত্র লক্ষ্য শাপলা প্রতীক পাওয়া। এ বিষয়ে জহিরুল বলেন, “আমরা নতুন রাজনৈতিক দল হিসেবে আইনি দিক থেকে তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে আছি।”
তিনি আরও বলেন, “আগে নাগরিক ঐক্য শাপলা প্রতীক চাইলেও তারা পরে কেটলি প্রতীক পেয়েছে। এখন যদি তারা নতুন প্রতীক চায়, তবে নিয়ম অনুযায়ী তাদের নতুনভাবে আবেদন করতে হবে।”
এ সময় তিনি জানান, গত ২২ জুন এনসিপি ৪৩ হাজারের বেশি পৃষ্ঠার পূর্ণাঙ্গ নিবন্ধন আবেদন জমা দিয়েছে। সেই আবেদনটির অগ্রগতি এবং প্রয়োজনীয় তথ্যের বিষয়ে নির্বাচন কমিশনের সহযোগিতা চাওয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ১২ মে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করে।
বৈঠকে অংশ নেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং যুগ্ম অভিযোগকারী খালিদ সাইফুল্লাহ।
দৈনিক সঠিক বার্তা ডেস্ক
একটি মন্তব্য পোস্ট করুন