সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ
👉 সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ
প্রকাশকাল: ১৩ জুলাই ২০২৫, ১১:৩০ দৈনিক সঠিক বার্তা ডেস্ক:
সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ হিসেবে উঠে এসেছে নেপালের নাম। নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা। আজ সেই শক্তিশালী নেপালের বিপক্ষেই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল।
ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ শনিবার সন্ধ্যা ৭টায়, ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায়। একই দিন দুপুর ৩টায় শ্রীলঙ্কা মুখোমুখি হবে ভুটানের।
নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে বিধ্বস্ত করে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। সেই জয় নারী ফুটবলারদের আত্মবিশ্বাসে ভরিয়ে দিয়েছে। অধিনায়ক আফঈদা খন্দকার জানিয়েছেন, তাদের একমাত্র লক্ষ্য হলো জয়: “আমাদের টার্গেট জেতা, যেভাবেই হোক। এই টুর্নামেন্টে আমাদের চ্যাম্পিয়ন হওয়ার ধারাবাহিকতা ধরে রাখতে হবে।”
শ্রীলঙ্কার বিপক্ষে কর্দমাক্ত মাঠে খেলায় কিছুটা শারীরিক ক্লান্তি থাকলেও বাংলাদেশ দলের প্রস্তুতি থেমে থাকেনি। নেপাল ম্যাচের আগে রিকভারি সেশন ও ভিডিও বিশ্লেষণ করেছে দলটি। গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ জানিয়েছেন, “নেপাল কোনোভাবেই দুর্বল টিম নয়। ওরা অনেক শক্তিশালী, এবং আমাদের প্রধান প্রতিপক্ষ।”
উল্লেখ্য, চার দলের এই টুর্নামেন্টে কোনো ফাইনাল নেই। প্রতিটি দল পরস্পরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল হবে চ্যাম্পিয়ন। ফলে আজকের ম্যাচে জয় পাওয়া বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দৈনিক সঠিক বার্তা ডেস্ক
একটি মন্তব্য পোস্ট করুন