বিরল ঘটনা: ইংল্যান্ডের সমান রানেই থামল ভারতও
👉 বিরল ঘটনা: ইংল্যান্ডের সমান রানেই থামল ভারতও
১৩ জুলাই | দৈনিক সঠিক বার্তা ডেস্ক:
ঐতিহাসিক লর্ডসে বহু বছর পর দেখা গেল নাটকীয় সমতা। প্রথম ইনিংসে স্বাগতিক ইংল্যান্ডের করা ৩৮৭ রানের জবাবে ঠিক সমান রানেই অলআউট হলো ভারত। টেস্ট ইতিহাসে এটি নবমবার এবং ২০১৫ সালের পর এই প্রথম দুই দলের প্রথম ইনিংস শেষ হলো সমান স্কোরে।
আগের চারটি টেস্ট যেখানে প্রথম ইনিংসের সমতা হয়েছিল, সেগুলো ড্র হয়। তাই লর্ডস টেস্টের ভাগ্য নির্ধারণ হবে দ্বিতীয় ইনিংসের পারফরম্যান্সে।
ইংল্যান্ড ব্যাট করে তোলে ৩৮৭ রান। পাল্টা ব্যাটিংয়ে ভারতও যায় ৩৮৭-তেই গুটিয়ে। একপর্যায়ে ভারতের লিড নেওয়ার সম্ভাবনা থাকলেও ইনিংসের শেষ দিকে মাত্র ১১ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে সব শেষ। ভারতের হয়ে রান করেন লোকেশ রাহুল (১০০), ঋষভ পান্ত (৭৪) ও রবীন্দ্র জাদেজা (৭২)। ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন ক্রিস ওকস, ২টি করে জোফরা আর্চার ও বেন স্টোকস।
তৃতীয় দিন শেষে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে তুলেছে মাত্র ২ রান। ফলে চতুর্থ ও পঞ্চম দিনেই নির্ধারণ হবে এই টেস্টের ভাগ্য।
এর আগে ১৯১০ সালে দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড টেস্টে প্রথমবার এমন সমান স্কোর দেখা যায় (১৯৯ রান)। এরপর সর্বশেষ ২০১৫ সালে লিডসে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড তুলেছিল ৩৫০ রান। এবার লর্ডসে নবমবার দেখা গেল এমন ঘটনা।
ম্যাচের উত্তেজনা আরও বাড়ায় তৃতীয় দিনের শেষ ১০ মিনিটে ইংল্যান্ডের সময়ক্ষেপণ। ভারতের ইনিংস শেষের পর ১০ মিনিট বিরতি ছিল, এরপরও ইংল্যান্ড ওপেনাররা দেরিতে মাঠে আসেন এবং ইনজুরির ভান করে সময় নষ্ট করেন। জবাবে ভারতীয় খেলোয়াড়রা করতালি দিয়ে প্রতিবাদ জানান। শেষমেশ একটি ওভার খেলেই দিনের খেলা শেষ হয়।
দৈনিক সঠিক বার্তা ডেস্ক
🔖 হ্যাশট্যাগ: #খেলা #ব্রেকিং-নিউজ #ভারত-ইংল্যান্ড-টেস্ট #দৈনিক-সঠিক-বার্তা #doinik-sothik-barta
একটি মন্তব্য পোস্ট করুন