গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত ১১০ ফিলিস্তিনি
👉 গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত ১১০ ফিলিস্তিনি
প্রকাশকাল: ১৩ জুলাই ২০২৫, ০৯:৪৭ ।। দৈনিক সঠিক বার্তা ডেস্ক:
গাজার বিভিন্ন স্থানে ইসরাইলি বাহিনীর টানা বিমান ও স্থল হামলায় শনিবার একদিনে অন্তত ১১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৪ জন রাফার জিএইচএফ (গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন) শিবিরের সামনে খাদ্য সহায়তা আনতে গিয়ে প্রাণ হারান।
স্থানীয় হাসপাতাল সূত্রে জানা যায়, এই হামলা চালানো হয় স্থানীয় সময় শনিবার দুপুরে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাফার আল-শাকুশ এলাকায় একটি ত্রাণ শিবিরের সামনে দাঁড়ানো অবস্থায় ফিলিস্তিনিদের ওপর সরাসরি গুলি চালায় ইসরাইলি বাহিনী। জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলো এসব শিবিরকে ‘মৃত্যুর ফাঁদ’ বলেও মন্তব্য করেছে।
এছাড়া গাজা সিটির আল–শাতি শরণার্থী শিবিরে বিমান হামলায় সাতজন এবং তুফাহ এলাকায় একটি আবাসিক ভবনে বোমা বর্ষণে মারা গেছেন আরও চারজন। একইসঙ্গে আহত হন আরও ১০ জন।
গাজার জাবালিয়ায় দুটি আবাসিক ভবনে চালানো হামলায় নিহত হন ১৫ জন। চিকিৎসকদের তথ্য মতে, এখন পর্যন্ত জিএইচএফ শিবিরগুলোতে খাদ্য সহায়তা নিতে গিয়ে নিহত হয়েছেন ৮০০ জনের বেশি, আহত হয়েছেন ৫,০০০ জনের বেশি ফিলিস্তিনি।
এই হত্যাকাণ্ডের সময় কাতারে চলমান যুদ্ধবিরতি আলোচনা অগ্রগতি ছাড়াই স্থগিত হয়ে যায়। কাতার, মিশর ও অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলো গাজা উপত্যকার জনগণের জোরপূর্বক বাস্তুচ্যুতির ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নেয়।
২০২৩ সালের অক্টোবরে হামাসের আকস্মিক হামলার জেরে ইসরাইল গাজায় টানা হামলা চালিয়ে আসছে। তাতে এখন পর্যন্ত নিহত হয়েছেন হাজার হাজার ফিলিস্তিনি।
দৈনিক সঠিক বার্তা ডেস্ক
তথ্য সূত্র: আল জাজিরা
একটি মন্তব্য পোস্ট করুন