বিকল্প নেতৃত্ব প্রস্তুত রাখার বার্তা দিলেন নাহিদ ইসলাম
👉 বিকল্প নেতৃত্ব প্রস্তুত রাখার বার্তা দিলেন নাহিদ ইসলাম
প্রকাশকাল: ১৩ জুলাই ২০২৫, ১১ঃ৪০ | দৈনিক সঠিক বার্তা ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণ নেতা নাহিদ ইসলাম একটি পুরোনো ফেসবুক পোস্ট নতুন করে শেয়ার করে রাজনৈতিক বার্তা দিয়েছেন।
‘বিকল্প নেতৃত্ব প্রস্তুত রাখুন; ১৩ জুলাই, ২০২৪’—এই শিরোনামে তিনি যে পোস্টটি গত বছর দিয়েছিলেন, তাতে আন্দোলনের দিকনির্দেশনা, নেতৃত্ব কাঠামো, গণসংযোগ কৌশল ও অর্থব্যবস্থাপনার বিস্তারিত তুলে ধরা হয়।
নাহিদের মতে, আন্দোলনের সফলতা নির্ভর করে সুষ্ঠু সমন্বয় ও বিকল্প নেতৃত্ব গঠনের উপর। তিনি লেখেন, “আন্দোলনকে একক নেতৃত্বের ওপর নির্ভরশীল না রেখে বিকল্প নেতৃত্ব সবসময় প্রস্তুত রাখতে হবে, যাতে যেকোনো পরিস্থিতিতে গতি বজায় থাকে।”
স্ট্যাটাসে আরো বলা হয়—সমন্বয়ক কমিটি গঠন, রাজনৈতিক বিতর্ক এড়িয়ে নেতৃত্ব নির্বাচন, অহিংস ও শান্তিপূর্ণ কর্মসূচি পালন, গণসংযোগে লিফলেট, মাইকিং ও সাংস্কৃতিক আয়োজনে গুরুত্ব, এবং মিডিয়ার সামনে সাবলীল উপস্থাপনা—এই সবই একটি সফল গণআন্দোলনের পূর্বশর্ত।
বিশেষ করে আন্দোলনে কোনো একক দলের ছাপ না রেখে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর তিনি জোর দেন। এছাড়া কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক স্বার্থে প্রভাবিত হওয়া থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে পোস্টে।
নাহিদের এই বার্তা রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভবিষ্যতের আন্দোলনের রূপরেখা এবং প্রস্তুতির একধরনের ইঙ্গিত।
দৈনিক সঠিক বার্তা ডেস্ক
একটি মন্তব্য পোস্ট করুন