পতিত ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে: মামুনুল হক
👉 পতিত ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে: মামুনুল হক
প্রকাশকাল: ১৩ জুলাই ২০২৫, ১০:১০ ।। দৈনিক সঠিক বার্তা ডেস্ক:
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলাদেশ বর্তমানে এক গভীর রাজনৈতিক ক্রান্তিকালে অবস্থান করছে, যেখানে জাতি অনিশ্চয়তা ও বিভ্রান্তির মধ্যে দিন পার করছে।
শনিবার রাজধানীর পল্টন টাওয়ারে অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত যুব মজলিসের জেলা-মহানগর শাখাসমূহের মজলিসে আমেলার কেন্দ্রীয় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘এই মুহূর্তে গোটা জাতিকে পতিত ফ্যাসিবাদী আওয়ামী শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।’
তিনি আরও জানান, বাংলাদেশ খেলাফত মজলিস ও তাদের সহযোগী সংগঠনসমূহ বর্তমান পরিস্থিতি সম্পর্কে অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে, তবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে এখনো বন্ধুত্ব বা বিরোধ ঘোষণা করছে না।
তিনি বলেন, ‘ইসলামী আদর্শ, জাতীয় স্বার্থ ও নীতিগত অবস্থানকে অগ্রাধিকার দিয়েই আমরা চূড়ান্ত রাজনৈতিক সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ।’ পাশাপাশি তিনি জানান, ৩০০টি আসনে দলীয় প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ খেলাফত মজলিস।
সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান। দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সভাপতি পরিষদের সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ এবং দারসুল কোরআন পরিচালনা করেন মাওলানা জাকির হোসাইন।
সভায় জানানো হয়, স্থানীয় নেতৃত্বকে সংগঠিত করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিগত ছয় মাসের কার্যক্রমের পর্যালোচনাও করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালি, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান প্রমুখ।
দৈনিক সঠিক বার্তা ডেস্ক
একটি মন্তব্য পোস্ট করুন