📰 শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ফের ৭ দিনের রিমান্ডে
📰 শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ফের ৭ দিনের রিমান্ডে
🗓️ প্রকাশকাল: ৯ জুলাই ২০২৫
✍️ সূত্র: দৈনিক সঠিক বার্তা ডেস্ক
যুবদল নেতা মো. আরিফ সিকদার হত্যার ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের হওয়া মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৯ জুলাই) তাকে পুলিশ আদালতে হাজির করে।
তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাজহারুল ইসলাম মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ড পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবদুল ওয়াহাব ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ২৩ জুন আদালত সুব্রত বাইনকে গ্রেফতার দেখান। ওইদিন ভার্চুয়ালি আদালতে উপস্থিত করে তার গ্রেফতারের শুনানি হয়।
মামলা সূত্রে জানা যায়, ১৯ এপ্রিল রাতে রাজধানীর হাতিরঝিলের নয়াটোলা মোড়ল গলির ‘দি ঝিল ক্যাফে’র সামনে আরিফ সিকদারকে গুলি করা হয়। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ২১ এপ্রিল তার মৃত্যু হয়। আরিফ সিকদার ঢাকা মহানগর উত্তরের ৩৬নং ওয়ার্ড যুবদলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক ছিলেন।
নিহত আরিফের বোন রিমা আক্তার বাদী হয়ে সুব্রত বাইনের সহযোগী মাহফুজুর রহমান বিপুসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তেজগাঁও বিভাগ তদন্ত করছে।
মামলার অপর আসামিরা হচ্ছেন মো. ইয়াছিন (১৯), মো. আসিফ হোসেন (২১), মো. অনিক (১৯), মো. মিরাজ (১৯), মো. আশিক (১৯), মো. ইফতি (২৪), জাফর ইমাম তরফদার মন্টু (৪০), রতন শেখ (৪৫) ও আলিফ (১৯)।
গত ২৭ মে সেনাবাহিনী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদসহ চারজনকে অস্ত্রসহ গ্রেফতার করে। পরদিন অস্ত্র আইনের মামলায় ৮ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
🏷️ ট্যাগ: #সুব্রত_বাইন #রিমান্ড #যুবদল #হত্যাকাণ্ড #ঢাকা #দৈনিক_সঠিক_বার্তা
একটি মন্তব্য পোস্ট করুন