অবশেষে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলো জাতীয় ফুটবল দল
অবশেষে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলো জাতীয় ফুটবল দল
দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ১১ সেপ্টেম্বর ২০২৫
নেপালে চলমান বিক্ষোভ পরিস্থিতির কারণে সেখানে আটকে থাকা বাংলাদেশ জাতীয় ফুটবল দল অবশেষে দেশে ফিরেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় জামাল ভুঁইয়ারা। বিকাল ৪টা ৪০ মিনিটে ঢাকায় পা রাখেন জাতীয় দলের খেলোয়াড় ও কর্মকর্তারা।
বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকেরাও একই ফ্লাইটে দেশে ফিরেছেন। জাতীয় ফুটবল দলের নিরাপদে দেশে ফেরা নিশ্চিত করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সার্বক্ষণিকভাবে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রেখেছেন।
জাতীয় ফুটবল দল দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল। তবে ৮ সেপ্টেম্বর থেকে নেপালে ব্যাপক আন্দোলন শুরু হলে ৯ সেপ্টেম্বর নির্ধারিত ম্যাচটি বাতিল হয়। একই দিনে দলের দেশে ফেরার কথা থাকলেও ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিল হয় এবং খেলোয়াড়রা হোটেলে আটকা পড়েন।
উদ্ভূত পরিস্থিতিতে খেলোয়াড়দের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে উদ্যোগী হয় প্রধান উপদেষ্টার কার্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অনুরোধে সশস্ত্র বাহিনী বিভাগ খেলোয়াড়দের ফিরিয়ে আনতে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করতে সম্মত হয়।
🔍 তথ্যসংক্ষেপ:
- নেপালে আটকে পড়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
- বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে দেশে ফেরা।
- ৯ সেপ্টেম্বরের ম্যাচ আন্দোলনের কারণে বাতিল হয়।
- সরকার ও সশস্ত্র বাহিনীর যৌথ উদ্যোগে নিরাপদে প্রত্যাবর্তন।
– দৈনিক সঠিক বার্তা ডেস্ক
একটি মন্তব্য পোস্ট করুন