ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৬৮ জন অভিবাসীর মৃত্যু
ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৬৮ জন অভিবাসীর মৃত্যু
দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ০৪ আগস্ট ২০২৫
ইয়েমেন উপকূলে অভিবাসী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে কমপক্ষে ৬৮ জন অভিবাসীর মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরও ৭০ জনেরও বেশি। ডুবে যাওয়া নৌকাটিতে দেড় শতাধিক অভিবাসী ছিলেন এবং নিহতরা সবাই আফ্রিকান। সোমবার (৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, নৌকাটিতে ১৫৪ জন ইথিওপিয়ান নাগরিক ছিলেন। এটি ইয়েমেনের আবিয়ান প্রদেশের উপকূলে ডুবে যায়। দুর্ঘটনায় ১২ জন জীবিত উদ্ধার হয়েছেন। খানফার জেলায় ৫৪ জনের মরদেহ ভেসে আসে এবং আরও ১৪ জনের মরদেহ অন্য একটি এলাকা থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ইয়েমেনের স্বাস্থ্য বিভাগ এর আগে জানায়, এই ঘটনায় অন্তত ৫৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের দাফনের জন্য শহরের শাকরা এলাকার কাছে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আফ্রিকার হর্ন অঞ্চল ও ইয়েমেনের মধ্যে সমুদ্রপথ শরণার্থী ও অভিবাসীদের জন্য বেশ সাধারণ হলেও অত্যন্ত ঝুঁকিপূর্ণ রুট। ২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরুর পর দেশটি থেকে পালিয়ে যাওয়ার ঘটনা বেড়েছে।
এদিকে সোমালিয়া ও ইথিওপিয়ার মতো দেশের সংঘাতপীড়িত মানুষজন ইয়েমেনে আশ্রয় নিতে বা সেখান দিয়ে উপসাগরীয় ধনী দেশগুলোর উদ্দেশে যাত্রা করতে গিয়ে এই বিপজ্জনক পথে পাড়ি দিচ্ছে।
আইওএম-এর মতে, এটি বিশ্বে অন্যতম ব্যস্ত ও ঝুঁকিপূর্ণ অভিবাসন রুট। এই পথে গত দুই বছরে শত শত মানুষের মৃত্যু হয়েছে। গত বছর এই রুটে ৫৫৮ জন মারা গেছেন। এছাড়া গত এক দশকে এই পথে কমপক্ষে ২,০৮২ জন নিখোঁজ হয়েছেন, যাদের মধ্যে ৬৯৩ জনের ডুবে মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
🔍 তথ্যসংক্ষেপ:
- ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৬৮ জন নিহত
- ৭০ জনের বেশি নিখোঁজ, ১২ জন জীবিত উদ্ধার
- নৌকাটিতে ১৫৪ জন ইথিওপিয়ান নাগরিক ছিলেন
- অভিবাসন রুট বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ
– দৈনিক সঠিক বার্তা ডেস্ক
সূত্র: আলজাজিরা
#দৈনিকসঠিকবার্তা #ব্রেকিং_নিউজ #আন্তর্জাতিক #Yemen #Migrants
একটি মন্তব্য পোস্ট করুন