ফিফটিতে কোহলিকে টপকে গেলেন ওয়ার্নার
ফিফটিতে কোহলিকে টপকে গেলেন ওয়ার্নার
দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ১২ আগস্ট ২০২৫
দ্য হান্ড্রেডে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে ফিফটির দেখা পেয়েছেন ডেভিড ওয়ার্নার। যদিও তার এই ফিফটি লন্ডন স্পিরিটের কোনো কাজে আসেনি। ম্যানচেস্টারের কাছে ১০ রানে হেরেছে ফ্র্যাঞ্চাইজিটি। দল জেতাতে না পারলেও ভারতের ব্যাটিং সুপারস্টার বিরাট কোহলিকে পেছনে ফেলার আনন্দ উপভোগ করছেন ওয়ার্নার।
আগে ব্যাটিংয়ে নেমে ম্যানচেস্টারের সংগ্রহ ছিল ১৬৩ রান। রান তাড়ায় লন্ডনের হয়ে এক ওয়ার্নার ছাড়া ব্যাট হাতে আর কেউ প্রতিরোধ গড়তে পারেননি। জশ টাংয়ের বলে জস বাটলারের হাতে ধরা পড়ার আগে ৫১ বলে ৭১ রানের ইনিংস খেলেন চলতি বছরের শুরুর দিকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা অস্ট্রেলিয়ার এই মারকুটে ব্যাটার।
তাতেই টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় কোহলিকে পেছনে ফেলেছেন ওয়ার্নার। পাঁচে উঠে এসেছেন তিনি। ম্যানচেস্টারের বিপক্ষে ম্যাচ শেষে ওয়ার্নারের নামের পাশে শোভা পাচ্ছে ১৩,৫৪৫ রান। এই রান করতে ৪১৯ ম্যাচ খেলেছেন তিনি, স্ট্রাইকরেট ১৪০.৪৫।
মাত্র ২ রান কম নিয়ে ছয়ে নেমে গেছেন কোহলি। তালিকার শীর্ষে আছেন ক্রিস গেইল, যার সংগ্রহ ১৪,৫৬২ রান। ১৩,৮৫৪ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন কাইরন পোলার্ড। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস, যার রান ১৩,৮১৪। চতুর্থ স্থানে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক, রান ১৩,৫৭১।
🔍 তথ্যসংক্ষেপ:
- ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে ওয়ার্নারের ৭১ রান
- টি-টোয়েন্টি ইতিহাসে ৫ম সর্বোচ্চ রান সংগ্রাহক
- কোহলিকে পেছনে ফেলেছেন ২ রানের ব্যবধানে
- তালিকার শীর্ষে ক্রিস গেইল
– দৈনিক সঠিক বার্তা ডেস্ক
একটি মন্তব্য পোস্ট করুন