ধোনির ১০০ কোটি রুপি মানহানির মামলার বিচার শুরুর নির্দেশ
ধোনির ১০০ কোটি রুপি মানহানির মামলার বিচার শুরুর নির্দেশ আদালতের
দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ১২ আগস্ট ২০২৫
২০১৩ সালে আইপিএলে বেটিং বিতর্কে নাম জড়ানোর অভিযোগে ভারতের দুটি মিডিয়া চ্যানেল ও এক সাংবাদিকের বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা করেছিলেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এক দশকের বেশি সময় পর সেই মামলার বিচারিক প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট।
ধোনির কৌঁসুলিপক্ষ হলফনামা জমা দিয়ে মামলা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করার পর বিচারক সিভি কার্তিকেয়ান এই নির্দেশ দেন। ভারতের সংবাদমাধ্যম নিউজ১৮ জানিয়েছে, প্রমাণ নথিবদ্ধ রাখতে একজন অ্যাডভোকেট কমিশনার নিয়োগ দিয়েছেন বিচারক।
পাশাপাশি ধোনির জবানবন্দি নেওয়া হবে, তবে আদালতে সরাসরি উপস্থিত থেকে নয়—কারণ তিনি জনপ্রিয় তারকা হওয়ায় আদালতে বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে।
২০১৪ সালে দায়ের করা মামলাটিতে অভিযোগ ছিল, আইপিএলে বেটিং বিতর্ক নিয়ে টিভি বিতর্কে ধোনির বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করা হয়। ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, ধোনির পক্ষ থেকে সিনিয়র কৌঁসুলি আর আর রমন আদালতে হলফনামা জমা দেন।
হলফনামায় ধোনি উল্লেখ করেছেন, ‘ন্যায়সংগত ও দ্রুত বিচার পাওয়ার জন্য অনুরোধ করছি এবং অ্যাডভোকেট কমিশনারকে সম্পূর্ণভাবে সহায়তা করবো।’ তিনি আরও জানিয়েছেন, সাক্ষ্য ও প্রমাণাদি নথিবদ্ধ করতে ২০ অক্টোবর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত সময় দিতে পারবেন।
এই মামলায় অভিযুক্ত হিসেবে রয়েছেন জি মিডিয়া করপোরেশন, সাংবাদিক সুধীর চৌধুরী, অবসরপ্রাপ্ত আইপিএস কর্মকর্তা জি সম্পথ কুমার ও নিউজ নেশন নেটওয়ার্ক। দীর্ঘ আবেদনের কারণে মামলাটি শুরু হতে এত সময় লেগেছে বলে জানা গেছে।
📌 মূল পয়েন্ট:
- ২০১৩ সালের আইপিএল বেটিং বিতর্কে ধোনির নাম জড়ানোর অভিযোগ
- ১০০ কোটি রুপির মানহানির মামলা
- মাদ্রাজ হাইকোর্ট বিচারিক প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দিয়েছে
- ২০ অক্টোবর থেকে প্রমাণ নথিবদ্ধকরণের কাজ শুরু হতে পারে
– দৈনিক সঠিক বার্তা ডেস্ক
একটি মন্তব্য পোস্ট করুন