কলকাতায় ‘পার্টি অফিস’ খুলে চলছে আওয়ামী লীগের কার্যক্রম
কলকাতায় ‘পার্টি অফিস’ খুলে চলছে আওয়ামী লীগের কার্যক্রম
দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ৮ আগস্ট ২০২৫
ভারতের কলকাতা শহরের উপকণ্ঠে একটি বাণিজ্যিক ভবনের অষ্টম তলায় চলছে গোপন ‘পার্টি অফিস’। এই অফিসে নিয়মিত যাতায়াত করছেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা। শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ ত্যাগের পর, ভারতে আশ্রয় নেওয়া নেতাদের জন্য একটি নির্দিষ্ট কেন্দ্র দরকার হয়ে পড়ে।
এই অফিসটি বাইরে থেকে দেখে সাধারণ একটি কমার্শিয়াল ইউনিট মনে হলেও, এটি এখন আওয়ামী লীগের প্রাথমিক সিদ্ধান্ত কেন্দ্র। অফিসের বাইরে বা ভেতরে বঙ্গবন্ধু বা শেখ হাসিনার কোনো ছবি নেই। নেই কোনো নামফলকও। সব কিছু চলছে সম্পূর্ণ গোপনভাবে।
৩০-৩৫ জনের ছোটখাটো বৈঠক হয় এখানে, আর বড় মিটিং করা হয় হোটেল বা রেস্তোরাঁ ভাড়া করে। ভার্চুয়াল মাধ্যমে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ব্যবহার করে নেত্রী শেখ হাসিনা ও অন্যান্য নেতারা দিকনির্দেশনা দিচ্ছেন।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ভারতে অবস্থানকারী শীর্ষ নেতাদের নিয়ে সাধারণ জনগণের মনে নানা প্রশ্ন জন্ম নিচ্ছে। অনেকেই বলছেন, যখন মাঠ পর্যায়ের কর্মীরা দেশে নির্যাতিত হচ্ছেন, তখন নেতারা কেন বাইরে?
এক প্রাক্তন এমপি বলেন, "১৯৭১ সালে যদি প্রবাসে সরকার গঠন না হতো, মুক্তিযুদ্ধ এগোত না। এখনকার পরিস্থিতিও কিছুটা তেমন। বিদেশ থেকেই সংগঠন চালানোর উদাহরণ আছে।"
তবে এই গোপন দলের অফিস সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষ অবগত বলেই ধারণা করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া এমন কর্মকাণ্ড সম্ভব নয় বলেও জানায় সূত্র।
– দৈনিক সঠিক বার্তা ডেস্ক
সূত্র: BBC বাংলা প্রতিবেদন
একটি মন্তব্য পোস্ট করুন