রাশিয়ায় বিমান বিধ্বস্ত: ৫০ আরোহীর সবাই নিহত হওয়ার আশঙ্কা
রাশিয়ায় বিমান বিধ্বস্ত: ৫০ আরোহীর সবাই নিহত হওয়ার আশঙ্কা
দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ২৪ জুলাই ২০২৫
রাশিয়ার পূর্বাঞ্চলে ৫০ জন আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানে থাকা সব আরোহী মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার এএন-২৪ বিমানটির সঙ্গে কন্ট্রোল রুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, আমুর অঞ্চলে বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন উদ্ধারকারীরা।
রাশিয়ার জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বিমানের জ্বলন্ত অংশ খুঁজে পাওয়া গেছে।
আঙ্গারা এয়ারলাইন্স পরিচালিত বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের তিন্দা শহরের দিকে যাচ্ছিল। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় বিমানটি গন্তব্য থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ছিল বলে ধারণা করা হচ্ছে।
আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ জানিয়েছেন, বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন।
রাশিয়ার সংবাদ সংস্থা টিএএসএস জানায়, অবতরণের সময় বিমান ক্রুদের ভুল অথবা চারপাশ স্পষ্টভাবে দেখতে না পারার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।
রাশিয়ার পূর্বাঞ্চল ও আর্কটিক অঞ্চলে খারাপ আবহাওয়ার কারণে বিমান চলাচল বিপজ্জনক হয়ে থাকে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার বিমান চলাচলের নিরাপত্তা মান উন্নত হয়েছে, তবুও খারাপ আবহাওয়ার কারণে বিমান বিধ্বস্ত হওয়া অস্বাভাবিক নয়।
🔍 তথ্যসংক্ষেপ:
- রাশিয়ার আমুর অঞ্চলে ৫০ আরোহীসহ বিমান বিধ্বস্ত
- বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে
- বিমানে ছিলেন পাঁচ শিশুসহ ৪৩ যাত্রী ও ৬ ক্রু
- দুর্ঘটনার কারণ হতে পারে আবহাওয়া ও মানবিক ভুল
- উদ্ধার কাজ চলছে — রাশিয়ার জরুরি মন্ত্রণালয়
– দৈনিক সঠিক বার্তা ডেস্ক
তথ্যসূত্র: আল জাজিরা, ইন্টারফ্যাক্স, টিএএসএস
#আন্তর্জাতিক #ব্রেকিং_নিউজ #রাশিয়া #বিমান_দুর্ঘটনা #dainiksothikbarta
একটি মন্তব্য পোস্ট করুন