সোহাগ হত্যায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন চেয়ে হাইকোর্টে রিট
👉 সোহাগ হত্যায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন চেয়ে হাইকোর্টে রিট
প্রকাশকাল: ১৩ জুলাই ২০২৫, ২:৫৮ | দৈনিক সঠিক বার্তা ডেস্ক
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে মো. সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তদন্তের জন্য উচ্চক্ষমতাসম্পন্ন বিচার বিভাগীয় কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
রোববার (১৩ জুলাই) দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট আবেদন করেন। এতে সোহাগ হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধীদের চিহ্নিত ও গ্রেপ্তার করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনাও চাওয়া হয়েছে।
আবেদনটি বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হয়েছে। শুনানি হতে পারে সোমবার (১৪ জুলাই)।
উল্লেখ্য, গত ৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের তিন নম্বর গেটের সামনে একটি পাকা রাস্তায় একদল দুর্বৃত্ত মো. সোহাগকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করে। নিহত সোহাগ ছিলেন একজন ভাঙারি ব্যবসায়ী। ঘটনাটি দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে।
নৃশংস এ হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দ্রুত বিচার দাবিতে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।
দৈনিক সঠিক বার্তা ডেস্ক
একটি মন্তব্য পোস্ট করুন